বাজার সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থায় বাজার পরিচালনার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়—এমন ধারণা বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হবে। এখন থেকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হবে।
শনিবার (১১ এপ্রিল) সকালে Sylhet শহরের টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও Department of Agricultural Extension-এর উদ্যোগে দেশের প্রথম সরাসরি বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, আমদানি-নির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার প্রতিবছর Trading Corporation of Bangladesh-এর কার্যক্রমে ৩২-৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকির চাপ কমিয়ে টিসিবির সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে প্রতিদিন সকালে এই হাটের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। বর্তমানে একটি পণ্য কৃষকের মাঠ থেকে ভোক্তার হাতে পৌঁছাতে ৪-৫ বার হাতবদল হয়, যার ফলে দাম বাড়লেও কৃষক ন্যায্যমূল্য পান না। ‘কৃষকের হাট’ এই প্রথা ভেঙে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সেতুবন্ধন তৈরি করবে।
বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে বিষমুক্ত ও সতেজ সবজি পাবেন এবং কৃষকরাও তাদের শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করতে পারবেন।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।
