চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল জাতীয় ফুটবল দল ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল—দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সিনিয়র হোক কিংবা বয়সভিত্তিক, এই দ্বৈরথে উত্তাপ থাকে সবসময়ই। তারই প্রমাণ মিলল লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে।
শনিবার অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার যুব দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের যুবারা। দাপুটে এই জয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছে সেলেসাওরা।
এই জয়ের ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে, মাঠে পরাজয় সত্ত্বেও আর্জেন্টিনা এখনো সুযোগ হারায়নি, তবে প্রথম সুযোগটি হাতছাড়া করেছে তারা।
বর্তমানে ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের নিচে অবস্থান করছে ভেনিজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০ পয়েন্ট)।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মাঠে গড়াবে আজ রোববার রাত ২টায়।
