স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

home minister eu meeting bangladesh

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি পরীক্ষিত ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার এবং বর্তমান সরকারের মেয়াদে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদার করতে চায় ইইউ।

পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ইইউর কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাহিনীকে আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহী ইইউ।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্নীতি দমন বিষয়ে রাষ্ট্রদূত একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে ইইউর কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন। মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইইউ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।