যুক্তরাজ্যের বার্মিংহাম ও মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন Bangla Press Club Birmingham Midlands-এর কার্যকরী পরিষদ (২০২৬–২০২৭) নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন।
গত ১৯ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল কবীর খোকনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন চ্যানেল এস-এর বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথভাবে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।
এর আগে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ওয়াহিদ দুলালের সঞ্চালনায় সভায় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কবীর উদ্দিন ও ছড়াকার-সাংবাদিক শফিকুর রহমান শাহজাহান। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমদ চৌধুরী ও সৈয়দ নাদির আহমদ উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে। নেতৃবৃন্দ বলেন, বাংলা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব, মানোন্নয়ন এবং মর্যাদা সমুন্নত রাখতে তারা কার্যকর ভূমিকা পালন করবেন।
