বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, যারা জুলাইকে জঙ্গি আখ্যা দেয়, তাদেরও দেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।পার্থ বলেন, আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছে এবং কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের অত্যাচারের বিষয়গুলো তরুণ সমাজের কাছে যথাযথভাবে তুলে ধরা যায়নি।
তিনি আরও বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারিনি বলেই তারা আজ ৩৬ জুলাইয়ের কথা বলে। এটি আমাদের ব্যর্থতা।’
বিচার বিভাগের বিষয়ে সমালোচনা করে পার্থ দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায়ের মতো গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্তও রাজনৈতিক প্রভাবের বাইরে ছিল না। তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগে বহুবার ভেবে নিতে হতো, কারণ আইনি ঝুঁকির ভয় ছিল।
বড় ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাসীনদের প্রতি তাদের অতি আনুগত্যের নানা উদাহরণ রয়েছে, যা ব্যবসায়িক পরিবেশের জন্য ইতিবাচক নয়। বিরোধী দলের প্রশংসা করে পার্থ বলেন, বিরোধী দলের নেতা সংসদে যুক্তিগ্রাহ্য ও গঠনমূলক বক্তব্য রাখছেন, যা সংসদীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত করছে।
