আবারও কমলো সোনার দাম

Gold price update Bangladesh

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্যমতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম কমে প্রায় ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।