ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি

weather update bangladesh

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদী অববাহিকায় বসবাসরত ও চলাচলরতদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তর আগের এক পূর্বাভাসে জানিয়েছে, ৩০ এপ্রিল দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।