৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর তথ্যভাণ্ডারে যুক্ত করা যাচ্ছে না, তাদের আলাদাভাবে চিহ্নিত করে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ, একাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রি কার্যক্রম চলছে। তবে বাবা বা মায়ের মৃত্যু, উভয়ের মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদের কারণে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এনআইডি নম্বর প্রদান করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায়, যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু বাবা জীবিত, শুধু মা জীবিত, কেউই জীবিত নেই অথবা বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি দেওয়া যাচ্ছে না—তাদের আলাদা করে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য সংগ্রহ করে নির্ধারিত ফরম্যাটে পাঠাতে হবে। এতে শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর সংখ্যা, বাবা-মায়ের মৃত্যুজনিত কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা এবং বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরও সংযুক্ত করতে হবে।
চিঠিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে আগামী ৭ মে’র মধ্যে সব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
