বিধানসভা নির্বাচনের পর সহিংসতা: জ্বলছে পশ্চিমবঙ্গ

west-bengal election-violence

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জেলায় দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ফল ঘোষণার পর থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিহতদের মধ্যে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টি—উভয় পক্ষের কর্মী রয়েছেন। প্রতিটি ঘটনায় দলগুলো একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

কলকাতার বেলেঘাটায় তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েক (৪৫) নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। অন্যদিকে নিউ টাউনে সংঘর্ষে মধু মণ্ডল (৪৬) নিহত হন।

এছাড়া হাওড়ার উদয়নারায়ণপুরে ভারতীয় জনতা পার্টির কর্মী যাদব বার (৪৫) এবং বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেসের কর্মী আবির শেখ (৪৫) নিহত হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সহিংসতার অংশ হিসেবে কলকাতার বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের অফিস দখল ও সেখানে অন্য দলের পতাকা টানানো হয়েছে। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের পর এমন ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এছাড়া ভবানিপুর এলাকায় একটি কাউন্সিলর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেখানে পোস্টার ছেঁড়া ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে। সহিংসতার ঘটনাগুলোর তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।