দুবাইয়ে আরও ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগে আগ্রহী দুবাই ট্যাক্সি কোম্পানি

dubai-taxi-company-bangladeshi-driver-recruitment

বাংলাদেশ থেকে আরও ৬ হাজার ড্রাইভার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নতুন ড্রাইভার বাছাই কার্যক্রমও শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ সময় মন্ত্রী দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়েও বাংলাদেশি কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটির প্রতি অনুরোধ জানান। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী কর্মী নিয়োগেরও আহ্বান জানান তিনি।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।

তাদের ভাষ্য, বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ হওয়ায় নিয়োগের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পান। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন।

প্রতিনিধি দল আরও জানায়, আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে নতুন চালক যাচাই-বাছাই শুরু হবে। এবারের ধাপে নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়া হবে এবং চলতি বছরে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যেতে হয়।

তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতি বিশেষ অনুরোধ জানান।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানি ও আল আনাস ওভারসিজের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।