রামিসা হত্যা: দ্রুততম সময়ে চার্জশিট দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Ramisa Murder

রাজধানীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যা ও সাম্প্রতিক বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়া হবে। এরপর বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করছি, খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা অনেক পেশাদার অপরাধীকে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

সরকার বর্তমানে আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ড দ্রুত বিচারের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে রামিসা হত্যা, আছিয়া ও তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের পাঁচ খুনের ঘটনা।

মন্ত্রী বলেন, এসব ঘটনার তালিকা প্রস্তুত করে দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং পুলিশ বাহিনীর সংস্কারেও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার খুব বেশি সময় পায়নি, তবে গুরুত্ব সহকারে কাজ করছে। এজন্য সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব ইস্যু নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে Border Guard Bangladesh (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।