২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল দলে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম এখনো রোনালদো। বয়স ও ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও ড্রেসিংরুমে তার প্রভাব আগের মতোই শক্তিশালী বলে জানিয়েছেন সতীর্থ ভিতিনিয়া।
সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিতিনিয়া বলেন, রোনালদোর সঙ্গে এবং তার জন্যই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পুরো পর্তুগাল দল।
তিনি বলেন, “সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা, তার কাছ থেকে শেখা এবং প্রতিদিন তার পেশাদার মানসিকতা দেখা আমার জন্য গর্বের। আমি আশা করি, আমরা তার সঙ্গে এবং তার জন্য বিশ্বকাপ জিততে পারব।”
বর্তমানে Al Nassr FC-এ খেলা রোনালদোর পেশাদারিত্ব নিয়েও প্রশংসা করেন ভিতিনিয়া। তার মতে, ফুটবলের প্রতি রোনালদোর দৃষ্টিভঙ্গি অন্য সবার চেয়ে আলাদা।
ভিতিনিয়া বলেন, “সে অত্যন্ত পেশাদার এবং সিরিয়াস। কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেয় না। মাঠে নামার আগে সে নিশ্চিত থাকে যে দলের জন্য যা যা করা সম্ভব, সবই করেছে।”
আগেই ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে রোনালদোর শেষ বিশ্বকাপ। তাই এই আসরকে ঘিরে পর্তুগিজ সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।
তবে বিশ্বকাপ জয়ের লক্ষ্য থাকলেও ধাপে ধাপে এগোতে চান ভিতিনিয়া। তিনি বলেন, “আমরা শুধু জিততে চাই। জানি কাজটা কঠিন হবে। এখনই ফাইনাল বা ট্রফি নিয়ে ভাবার কোনো মানে নেই, যদিও সেটাই আমাদের লক্ষ্য। আপাতত পুরো মনোযোগ গ্রুপ পর্বে।”
২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া।
এদিকে বিশ্বকাপের জন্য আজই চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন কোচ রবার্তো মার্তিনেজ।
