স্বাগতিক কানাডার সামনে এবার ইতিহাস গড়ার সুযোগ। এর আগে মাত্র দুইবার ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল উত্তর আমেরিকার দেশটি—১৯৮৬ ও ২০২২ সালে। দুটি আসর মিলিয়ে গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি তারা। ছয় ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে কানাডাকে। তবে ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আলফোনসো ডেভিসের করা গোলটি ছিল বিশ্বকাপ ইতিহাসে কানাডার প্রথম গোল।
২০২৬ ফিফা বিশ্বকাপে স্বাগতিকদের একজন হিসেবে এবার মাঠে নামছে কানাডা। টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। একই গ্রুপে রয়েছে কাতার ও সুইজারল্যান্ড। তুলনামূলক সহজ গ্রুপ পাওয়ায় বিশ্বকাপে প্রথম পয়েন্ট ও প্রথম জয়ের স্বপ্ন দেখছে কানাডা।
প্রায় চার বছর আগের দলের তুলনায় বর্তমান কানাডা অনেক বেশি পরিণত ও অভিজ্ঞ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে তারা। এছাড়া আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। এসব পারফরম্যান্স স্বাগতিকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটাই।
ড্র অনুষ্ঠানের পর কানাডা ধারণা করেছিল, তাদের গ্রুপে ইতালি থাকবে। তবে প্লে-অফে ইতালিকে হারিয়ে বসনিয়া-হার্জেগোভিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় সেই শঙ্কা দূর হয়। যদিও বসনিয়ার প্রস্তুতি খুব একটা আশাব্যঞ্জক ছিল না। নর্থ মেসিডোনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র এবং পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি।
বসনিয়ার দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল রয়েছে। ২০১৪ বিশ্বকাপে খেলা দুই অভিজ্ঞ ফুটবলার এবারও রয়েছেন স্কোয়াডে। তারা হলেন ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো এবং অভিজ্ঞ ডিফেন্ডার সিড কোলাসিনাচ। তবে দলের অধিকাংশ সদস্যই তরুণ এবং বাছাইপর্বে বেশ কয়েকটি অঘটন ঘটিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।
বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা।
তবে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে কানাডা। ফ্রান্সের নিস ক্লাবের হয়ে খেলা সেন্টার-ব্যাক মোইসে বোম্বিতো ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার মার্সেলো ফ্লোরেস অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ইনজুরিতে পড়ায় তাকেও হারিয়েছে দলটি। ফলে কোচ জেসি মার্শের আক্রমণাত্মক কৌশলে আলফোনসো ডেভিস, জোনাথন ডেভিড এবং তাহন বুকাননের ওপর বাড়তি দায়িত্ব বর্তাবে।
অন্যদিকে, বসনিয়া-হার্জেগোভিনাকেও সামান্য পরিবর্তন আনতে হয়েছে স্কোয়াডে। রিজার্ভ গোলরক্ষক ওসমান হাদজিকিচ ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তার জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন ম্লাদেন ইয়ুরকাস। ইতালিকে হারিয়ে বিশ্বকাপে ওঠা দলের মূল কাঠামো অবশ্য অপরিবর্তিত রয়েছে। অভিজ্ঞ এডিন জেকোকেই ঘিরেই গড়ে উঠেছে বসনিয়ার পরিকল্পনা।
স্বাগতিকদের প্রথম জয় নাকি অভিজ্ঞতার জোরে বসনিয়ার চমক—সেটাই এখন দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।
