নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
প্রথম আলোকে দেওয়া বক্তব্যে ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। সেখান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, তাহসিফ পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।
মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন পরিদর্শক ফিরোজ উদ্দিন। এ ঘটনায় পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
