ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী কার্যক্রম পরিচালনা করা যাবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অভিবাসী ভিসা আবেদন নিষ্পত্তি দ্রুত করার বিষয়েও নতুন তথ্য দিয়েছে দূতাবাস।
শনিবার (২০ জুন) বিকেলে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আবেদনকারীর নিজস্ব দায়িত্ব।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসাধারীরা পর্যটন, অবকাশ যাপন, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন সভা বা সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।
দূতাবাসের পোস্টে আরও বলা হয়, ভিসার শর্ত মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ভিসা ব্যবহার করলে ভবিষ্যতে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।
এদিকে অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে আবেদনকারীদের মধ্যে যে অসন্তোষ ছিল, তা কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৩১ মে দেওয়া এক ঘোষণার আলোকে ১ জুন থেকে অভিবাসী ভিসার সব ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
এর আগে গত ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও সতর্কবার্তা জারি করেছিল দূতাবাস। সে সময় জানানো হয়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা ছেড়ে দেন বা নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকেন, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
মার্কিন দূতাবাসের এই বার্তাগুলো যুক্তরাষ্ট্রগামী পর্যটক, অভিবাসী ও শিক্ষার্থীদের জন্য ভিসার শর্তাবলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
