আইভ্যাকে দীর্ঘ লাইন, ভিসার স্লট নিয়ে ভোগান্তিতে আবেদনকারীরা

indian-visa-center

ভারতীয় পর্যটন ভিসার আবেদন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আবেদনকারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই শত শত মানুষ আবেদন জমা, পাসপোর্ট সংগ্রহ এবং বিভিন্ন ভিসা-সংক্রান্ত সেবার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করেন।

রোববার (৫ জুলাই) ভিসা সেন্টারে গিয়ে দেখা যায়, নতুন আবেদনকারী, চিকিৎসা ভিসাপ্রত্যাশী এবং পাসপোর্ট সংগ্রহকারীদের জন্য আলাদা আলাদা লাইন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি লাইনে ভিড় বাড়তে থাকে।

আবেদনকারীদের অনেকেই অভিযোগ করেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া। কেউ কেউ দাবি করেছেন, দ্রুত স্লট নিশ্চিত করতে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।

রাজধানীর বাংলামোটরের বাসিন্দা আব্দুল করিম জানান, গত ২৩ জুন তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আবেদন করেছেন। তবে স্লট পেতে গিয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন।

তিনি বলেন, “ভিসা প্রসেসিং ফি প্রায় ১ হাজার ৫৩০ টাকা হলেও ডাবল এন্ট্রি স্লটের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এটি কোনোভাবেই স্বাভাবিক নয়।”

তিনি আরও বলেন, আগে অনলাইনে আবেদন করার পরদিনই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যেত। এখন স্লট সংকটের কারণে পুরো প্রক্রিয়া জটিল হয়ে গেছে। প্রয়োজনে ভিসা ফি বাড়ানো হলেও আগের মতো সহজ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

অন্যদিকে, ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা মো. আরিফ হোসেন জানান, তিনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে এসেছেন। যদিও স্লট পেতে বড় সমস্যায় পড়েননি, তবে পুরো আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করার আহ্বান জানান।

চোখের চিকিৎসার জন্য প্রথমবার ভারতে যেতে ইচ্ছুক সুমনা দাস ছেলেকে নিয়ে ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দিতে এসেছেন। দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও তিনি আশা প্রকাশ করেন, দিনেই প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন।

ভিসা সেন্টারের নিরাপত্তা ইনচার্জ মতিউর রহমান বলেন, অন্যান্য দিনের তুলনায় আবেদনকারীর সংখ্যা কিছুটা বেশি। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় থাকে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে আবেদনকারীকে অনলাইনে নির্ধারিত তারিখ ও সময়ের অ্যাপয়েন্টমেন্ট (স্লট) নিতে হয়। তবে ভিসা সেন্টারের অভ্যন্তরীণ সেবা নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও স্লট পাওয়া এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়া নিয়ে আবেদনকারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।