বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। বৈঠকে বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের এটি ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক এবং এর সম্ভাব্য প্রভাব নিয়েও উভয় পক্ষ আলোচনা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট, এর সম্ভাব্য সমাধান এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলোও বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে স্পেন সরকারের অবস্থানেরও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
