সমুদ্রপথে ইটালিতে বাংলাদেশিরাই শীর্ষে, ২০২৬ সালে অভিবাসী আগমন কমেছে অর্ধেকের বেশি

italy-sea-migration-2026-bangladeshis

২০২৬ সালের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইটালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। একই সময়ে দেশটিতে অনিয়মিতভাবে সমুদ্রপথে পৌঁছানো মোট অভিবাসীর সংখ্যা গত দুই বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটির উপকূলে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী।

বাংলাদেশিরাই শীর্ষে

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সমুদ্রপথে ইটালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় সবচেয়ে বেশি। চলতি বছরের প্রথম ছয় মাস ও জুলাইয়ের প্রথম সপ্তাহ মিলিয়ে ৪ হাজার ৩১৪ জন বাংলাদেশি ইটালিতে পৌঁছেছেন। যা মোট আগত অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশের পর সবচেয়ে বেশি অভিবাসী এসেছে সোমালিয়া থেকে। দেশটি থেকে পৌঁছেছেন ১ হাজার ৭০২ জন। এরপর রয়েছে সুদান (১ হাজার ৩৭১), পাকিস্তান (১ হাজার ১৮৫), আলজেরিয়া (১ হাজার ১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), তিউনিসিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)।

এ ছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।

দুই বছরের তুলনায় বড় পতন

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের একই সময়ে সমুদ্রপথে অভিবাসীদের আগমন গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইটালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। আর ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন

সেখানে ২০২৬ সালের একই সময়ে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

মাসভিত্তিক চিত্র

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের প্রতিটি মাসেই সমুদ্রপথে আগত অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল।

  • জানুয়ারি: ১,৪৫৭ জন
  • ফেব্রুয়ারি: ২,৫১০ জন
  • মার্চ: ২,১৫০ জন
  • এপ্রিল: ২,৪৫৯ জন
  • মে: ৩,০৫৪ জন
  • জুন: ২,৭৫৮ জন

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব তথ্য ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।