বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যসহ সব দেশে আমাদের শ্রমবাজার খুলে যাবে। খুলে গেছে অলরেডি (ইতোমধ্যে)। মালয়েশিয়ায় গতকাল (সোমবার) খুলে গেছে। জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান, সৌদি আরব—ইনশাআল্লাহ।”
তার এই বক্তব্যে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে কবে থেকে নতুন কর্মী নিয়োগ, ভিসা ইস্যু এবং জনশক্তি পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর গত মাসে মালয়েশিয়ায় প্রথম সরকারি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ ছিল। সে সময় মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের ৩১ মে ২০২৪-এর মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। ওই সময়সীমা পার হওয়ার পর নতুন কর্মী ভিসায় আর কাউকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
সরকারি পর্যায়ে সর্বশেষ ঘোষণার পর এখন সংশ্লিষ্টদের নজর থাকবে দুই দেশের মধ্যে নতুন জনশক্তি নিয়োগ, ভিসা প্রক্রিয়া এবং কর্মী পাঠানোর আনুষ্ঠানিক নির্দেশনার দিকে।
