ভারী বৃষ্টিতে বাড়তে পারে নদ-নদীর পানি, বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তা

Weather Forecast

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে কয়েকটি নদী অববাহিকায় পানির সমতল দ্রুত বাড়তে পারে। বিশেষ করে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

বুধবার (৮ জুলাই) দেশের আবহাওয়া ও নদ-নদীর পরিস্থিতি নিয়ে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বৃষ্টির প্রভাবে কয়েকটি নদী অববাহিকায় পানির সমতল দ্রুত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বাড়লে নীলফামারীর ডালিয়া পয়েন্টে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।