বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই উদ্যোগের আওতায় ভ্রমণকারীরা একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে একসঙ্গে ফ্লাইট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) পেতে পারবেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের।
নতুন এই ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একটি প্যাকেজ বুক করলেই পুরো ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজের মধ্যে থাকবে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা। প্যাকেজ কেনার পর ৪৮ ঘণ্টার মধ্যে ভ্রমণকারীদের ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি পাঠানো হবে।
বর্তমানে ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সি এই সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানকে এই কার্যক্রমে যুক্ত করা হতে পারে।
নতুন এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ থাকবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর অতিরিক্ত প্রতিদিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ নির্ধারিত ফি ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
ভ্রমণকারীরা চাইলে প্যাকেজের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট এবং বিনোদনমূলক কার্যক্রমের সুবিধাও যুক্ত করতে পারবেন।
তবে এই প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় উমরাহ–সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না বলে জানিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। তবে ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন।
ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিলের ক্ষেত্রে অর্থ ফেরত কিংবা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।
সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন এই ভিসা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্য নিয়েছে দেশটি।
