পর্তুগালে ভুয়া রেসিডেন্সি কেলেঙ্কারি: হাজারো অভিবাসীর নথি জালিয়াতির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

potugal Police checking

পর্তুগালে হাজারো বিদেশি নাগরিকের অভিবাসন বৈধকরণের নামে সংঘবদ্ধ জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির জুডিশিয়াল পুলিশ (PJ)। ‘অপারেশন আটলান্টিক মিস্ট’ (Operation Atlantic Mist) নামে পরিচালিত এ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তা, দুর্নীতির মাধ্যমে রেসিডেন্সি অনুমোদন, অর্থপাচার এবং জাল নথি তৈরির অভিযোগ আনা হয়েছে।

বুধবার মধ্য ও উত্তর পর্তুগালের কান্তানহেদে, পোম্বাল, আলকোবাসা ও পোর্তো অঞ্চলে একযোগে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়।

জুডিশিয়াল পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন ব্যবসায়ী এবং মধ্য পর্তুগালের একটি আঞ্চলিক কর (ট্যাক্স) কার্যালয়ের প্রধান রয়েছেন। এছাড়া আলাদা অভিযানে আরেকজনকে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়েছে।

হাজারো অভিবাসীর রেসিডেন্সি অনুমোদনের অভিযোগ

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তদন্তে উঠে এসেছে, চক্রটি কয়েক বছর ধরে হাজারো বিদেশি নাগরিকের জন্য প্রতারণার মাধ্যমে বৈধ বসবাসের কাগজপত্র সংগ্রহ করে দিচ্ছিল।

তদন্তকারীদের দাবি, উন্নত জীবনের আশায় অনেক অভিবাসী এই চক্রকে বিপুল অর্থ পরিশোধ করতেন। এরপর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্য জালিয়াতির মাধ্যমে তাদের পর্তুগালে বৈধভাবে বসবাসের আবেদন অনুমোদনের ব্যবস্থা করা হতো।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আবেদনকারীদের অনেকেই বাস্তবে পর্তুগালে বসবাস বা কাজ করতেন না। তারা ইউরোপের অন্যান্য দেশে অবস্থান করলেও সরকারি নথিতে তাদের পর্তুগালে কর্মরত এবং কর ও সামাজিক নিরাপত্তা (Social Security) ব্যবস্থায় নিবন্ধিত হিসেবে দেখানো হতো। এই তথ্য ব্যবহার করেই রেসিডেন্সি আবেদন এগিয়ে নেওয়া হতো।

অভিযানে তদন্তকারীরা কথিত ভুয়া রেসিডেন্সি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিপুল নথিপত্র, কম্পিউটার সরঞ্জাম, তিনটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৫০ হাজার ইউরো নগদ অর্থ জব্দ করেছেন।

এই অভিযানে প্রায় ৯০ জন জুডিশিয়াল পুলিশ কর্মকর্তা ও বিশেষজ্ঞ অংশ নেন। তাদের সঙ্গে উত্তরাঞ্চলীয় অধিদপ্তর, অ্যাভেইরো, লেইরিয়া ও গার্দা অঞ্চলের অপরাধ তদন্ত বিভাগ এবং প্রযুক্তি, আর্থিক অপরাধ ও অস্ত্র বিশেষজ্ঞ ইউনিটও যুক্ত ছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের শিগগিরই তদন্তকারী বিচারকের সামনে হাজির করা হবে। সেখানে তাদের বিরুদ্ধে প্রাক-বিচারিক (Pre-trial) ব্যবস্থা গ্রহণের আবেদন করবে প্রসিকিউশন।

পর্তুগালে সাম্প্রতিক সময়ে অভিবাসন সংক্রান্ত জালিয়াতি ও রেসিডেন্সি প্রতারণার বিরুদ্ধে এটি অন্যতম বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: SIC Notícias