অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর ঘোষণা : সংসদে শিক্ষামন্ত্রী

Education-Minister

বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অনিবার্য কারণে যারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা সংশ্লিষ্ট বিষয়ের পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর সারা দেশে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তিনি বলেন, সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কিছু শিক্ষার্থীও প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

শিক্ষামন্ত্রী জানান, যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে দুটি ভুল থাকার বিষয়েও সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন।

শিক্ষা মন্ত্রণালয়ের এই ঘোষণায় বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।