আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে ভারতের মুম্বাইয়েও। ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত আন্দোলন ঠেকাতে শহরজুড়ে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে মুম্বাই পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভে অংশ নিতে পারেন—এমন শিক্ষার্থীদের ফোন ও বার্তা পাঠিয়ে সতর্ক করা হচ্ছে। অনেকের বাড়িতেও গিয়ে আন্দোলনে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। এছাড়া বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন ও রেলপথের প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভস্থলের দিকে যাওয়া সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে ফিরিয়ে দেওয়ারও চেষ্টা চলছে। একই সঙ্গে আগে আটক হওয়া ব্যক্তিদের তথ্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে তল্লাশির সময় দ্রুত তাদের শনাক্ত করা যায়।
পুলিশের দাবি, তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এড়িয়ে তাদের ভবিষ্যতের শিক্ষা, চাকরি ও পাসপোর্টসংক্রান্ত জটিলতা থেকে রক্ষা করতেই এসব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে আইনজীবী ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, এ ধরনের নজরদারি, ব্যক্তিগত ফোনে যোগাযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করার ঘটনা নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
এদিকে দিল্লিতে সিজেপি নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো মুম্বাইয়েও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে রাজধানীর যন্তর মন্তরে বিভিন্ন পরীক্ষায় অনিয়মের তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা।
