পর্তুগালের সাবেক জুডিশিয়াল পুলিশ (Polícia Judiciária–PJ) প্রধান লুইস নেভেসকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দেশটির ডানপন্থী রাজনৈতিক দল চেগা (CHEGA)–এর নেতা আন্দ্রে ভেনচুরা নেভেসের ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বকাল নিয়ে সংসদীয় তদন্ত কমিশন গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন।
সোমবার দলীয় সংসদ সদস্য ও জাতীয় নেতৃত্বের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দ্রে ভেনচুরা বলেন, লুইস নেভেসের দায়িত্বকাল নিয়ে তদন্তের যথেষ্ট কারণ থাকতে পারে। বিষয়টি নিয়ে দলের এমপিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, পর্তুগালের প্রসিকিউটর অফিস সরাসরি একটি তদন্তের দায়িত্ব নিয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অপারেশন প্যাকোবা’ নামের একটি বৃহৎ মাদকবিরোধী অভিযানে জব্দ করা একটি ট্রেইলার।
তদন্তে জানা গেছে, জব্দ করা ওই ট্রেইলারটি পরে Construbarcelos নামের একটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে পাওয়া যায়। প্রতিষ্ঠানটি লুইস নেভেসের ব্যক্তিগত সম্পত্তিতে নির্মাণকাজও পরিচালনা করেছিল।
Expresso–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেইলারটি সরকারি জিম্মা থেকে সরিয়ে নেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের সম্ভাব্য প্রমাণ পাওয়ার পর বিষয়টি অ্যাটর্নি জেনারেল আমাদেউ গেরার কাছে পাঠানো হয়। এরপর আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে তদন্ত পরিচালনা করছে লিসবনের ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল অ্যাকশন (DIAP)। প্রসিকিউটর অফিস জানিয়েছে, তদন্তটি আপাতত কোনো পুলিশ সংস্থার কাছে হস্তান্তর করা হবে না; প্রসিকিউটররাই সরাসরি তদন্ত পরিচালনা করবেন।
অভিযোগ রয়েছে, PJ–এর জাতীয় পরিচালক থাকাকালে লুইস নেভেস ওই ট্রেইলার স্থানান্তরের অনুমোদন দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট নথিপত্রেও স্বাক্ষর করেছিলেন। এখন তদন্তে দেখা হবে, এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ফৌজদারি দায় রয়েছে কি না।
এছাড়া, ওদেমিরা পৌরসভাও নেভেসের সাও তেওতোনিও এলাকার ব্যক্তিগত সম্পত্তিতে পরিচালিত নির্মাণকাজের বৈধতা যাচাই করছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সম্পত্তির জন্য কোনো নির্মাণ অনুমোদন বা পূর্ব নোটিশের রেকর্ড তাদের কাছে নেই।
অন্যদিকে, লুইস নেভেস সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তদন্ত শুরু হওয়ায় তিনি সন্তুষ্ট। প্রয়োজনীয় সব নথি সংগ্রহের পর প্রতিটি অভিযোগের জবাব তিনি বিস্তারিতভাবে দেবেন। সাম্প্রতিক ঘটনাগুলোকে তিনি নিজের সম্মান ও মর্যাদার বিরুদ্ধে পরিচালিত প্রচারণা বলেও মন্তব্য করেছেন।
