মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস ও পিএসদের বেতন বাড়ল

Payscale

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

সম্প্রতি এ বিষয়ে মতামত প্রদান করে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর নবম গ্রেডে বেতন পেয়ে থাকেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে তাদের মূল বেতন এক ধাপে ১০ হাজার ৫৪০ টাকা বৃদ্ধি পেল।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইর থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতন নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে।

তবে এই বেতন নির্ধারণের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রযোজ্য হবে না।
  • বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা পাওয়া যাবে।
  • কোনো ধরনের পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা প্রযোজ্য হবে না।
  • এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দায়িত্বের গুরুত্ব ও কাজের পরিধি বিবেচনায় এই পদগুলোর বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে যেহেতু নিয়োগগুলো অস্থায়ী এবং রাজনৈতিক নিয়োগ হিসেবে বিবেচিত, তাই পেনশন ও বার্ষিক বেতন বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সুবিধা রাখা হয়নি।

নতুন এই বেতন কাঠামো কার্যকর হলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আর্থিক সুবিধা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।