বুরকিনা ফাসোকে ৭–০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

argentina-vs-burkina-faso-7-0-result

পেনাল্টি ঠেকিয়ে শুরুতে স্বস্তি এনে দেওয়ার সুযোগ ছিল বুরকিনা ফাসোর গোলরক্ষকের। কিন্তু ফিরতি বলেই গোল করলেন লাউতারো মার্তিনেস। সেই শুরু। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ এলোমেলো করে প্রথমার্ধেই পাঁচ গোল আর্জেন্টিনার। বিরতির পর আরও দুবার জাল কাঁপিয়ে মনুমেন্তালে ৭–০ গোলের জয় তুলে নিল লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় রোববার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ছয়জন। অন্য গোলটি বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালোর আত্মঘাতী। বলিভিয়াকে ৪–০ গোলে হারানোর পর আরেকটি বড় জয়—দুই ম্যাচে ১১ গোল করল আর্জেন্টিনা, হজম করেনি একটিও।

ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় লাগেনি স্বাগতিকদের। চতুর্থ মিনিটে আগুস্তিন গিয়াইকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। লাউতারোর শট ফিরিয়ে দেন রাজাক গুইরা। তবে বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ। দিয়ালোর আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে বুরকিনা ফাসো। সেই ধাক্কা সামলানোর আগেই তৃতীয় গোল—১২ মিনিটে লাউতারোর সহায়তায় স্কোরশিটে নাম তোলেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। প্রথম ১২ মিনিটেই ৩–০, ম্যাচের গতিপথ তখন স্পষ্ট।

এরপরও আক্রমণের গতি কমায়নি আর্জেন্টিনা। বলের নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষের রক্ষণে জায়গা খুঁজেছে, সুযোগ পেলেই ঢুকে পড়েছে বক্সে। প্রথমার্ধের শেষ দিকে ম্যাক অ্যালিস্টারের পাস থেকে নিকো পাস এবং প্রেস্টিয়ান্নির সহায়তায় হুলিয়ান আলভারেস গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫–০।

বড় ব্যবধানের লিড স্কালোনিকে খেলোয়াড় বদলে দেখার সুযোগও এনে দেয়। বিরতিতে পাঁচটি পরিবর্তন করেন আর্জেন্টিনা কোচ। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো দলের ষষ্ঠ গোলটি করে নিজের জন্যও ম্যাচটি স্মরণীয় করে রাখেন। জাতীয় দলের জার্সিতে প্রথমবার গোলের দেখা পেলেন তিনি।

গোলের শেষ অধ্যায়টি যোগ করা সময়ে। ভালেন্তিন বারকোর ক্রসে কাছ থেকে হেড করে জুলিয়ানো সিমেওনে ব্যবধান করেন ৭–০। শুরুতে লাউতারো যে গোলের দরজা খুলেছিলেন, সিমেওনের হেডে শেষ হয় সেই একতরফা লড়াই।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোর বাংলাদেশ সময় জানতে পড়ুন আর্জেন্টিনার খেলার সময়সূচি।