মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ 2026 স্কোয়াড ঘোষণা

argentina world-cup-squad

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে একঝাঁক তরুণ প্রতিভার সমন্বয়ে দল গড়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

দলে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ, মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রিগো দে পল, শক্তিশালী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং আক্রমণভাগের তারকা লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। ফুটবল বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দল বিশ্বকাপের অন্যতম ফেভারিট।

তবে স্কালোনির ঘোষিত স্কোয়াডে কয়েকটি চমকও রয়েছে। তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুওনো জায়গা পাননি চূড়ান্ত দলে। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়াও বাদ পড়েছেন।

তবে মূল কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনেননি স্কালোনি। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ানো সিমিওনে ও নিকো পাজের মতো তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন তিনি।

আর্জেন্টিনার চূড়ান্ত দল

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড:
হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকো গনজালেজ, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, হুয়ান ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।