সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের কিছু অনাকাঙ্ক্ষিত ও অসচেতন আচরণের কারণে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুলার ট্যুর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় প্রবাসীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কনস্যুলার সেবা দিতে বিভিন্ন ভাড়া করা ভেন্যু ব্যবহার করা হয়। তবে এসব স্থানে সেবা নিতে আসা কিছু ব্যক্তির অসচেতন আচরণের কারণে ভেন্যুর বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হচ্ছে।
কনস্যুলেটের ভাষ্য অনুযায়ী, দরজা-জানালা, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নষ্ট করা, দেয়াল টপকে ভেতরে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙা, স্থাপনার ক্ষতি করা এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে না ফেলার মতো ঘটনা বারবার ঘটছে।
এ ধরনের ঘটনার কারণে ভেন্যুর মালিকদের ক্ষতিপূরণ দিতে হচ্ছে বলে জানিয়েছে কনস্যুলেট। পাশাপাশি ভেন্যুর পরিবেশ নষ্ট হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে।
কনস্যুলেট আরও জানায়, এসব ঘটনার পুনরাবৃত্তির কারণে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য তাদের স্থান ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন। ফলে ভবিষ্যতে বিভিন্ন এলাকায় কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নিসহ বিভিন্ন জরুরি কনস্যুলার সেবা গ্রহণে ভোগান্তির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।
প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে কনস্যুলেট বলেছে, কনস্যুলার সেবা গ্রহণের সময় সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে, ভেন্যুর সম্পদ রক্ষা করতে এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করে দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণ করতে হবে।
