আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
ফিফার নতুন এই বয়সভিত্তিক প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ৩১ অক্টোবর আজারবাইজানে। প্রথম আসরে ফিফার সদস্য দেশগুলোর ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
বাংলাদেশের গ্রুপে ইউরোপ থেকে রয়েছে পর্তুগাল ও ওয়েলস। এশিয়ার আরেক প্রতিনিধি ইন্দোনেশিয়া। আফ্রিকা থেকে বুরুন্ডি এবং ওশেনিয়া অঞ্চল থেকে ফিজি রয়েছে একই গ্রুপে।
বিশ্বমঞ্চের জন্য দল গড়ছে বাংলাদেশ
প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে খেলোয়াড় বাছাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ৮ সেপ্টেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ট্রায়াল শুরু হয়। দেশের আট বিভাগের বাফুফে-স্বীকৃত একাডেমি থেকে ৩২০ জন ফুটবলার এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেন।
তরুণ প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠন করাই এই বাছাইয়ের উদ্দেশ্য বলে জানিয়েছিল বাফুফে।
প্রথমবার হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
ফিফা কাউন্সিলের ব্যুরো গত জুনে আজারবাইজানকে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর আয়োজক হিসেবে ঘোষণা করে। এটি এই প্রতিযোগিতার প্রথম আসর।
আজারবাইজানের আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ১৭৫টির বেশি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে এবং প্রতিটি দেশের প্রতিনিধি দলে সর্বোচ্চ ২০ জন থাকার কথা রয়েছে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আসরটি ছেলেদের দল নিয়ে অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের আসর হবে মেয়েদের জন্য। আর ২০২৮ সাল থেকে ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনকে ছেলে ও মেয়েদের পৃথক অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
বাংলাদেশের ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু ও সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে তা জানা যাবে।
