বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন।
শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব চুক্তির মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার অধিকসংখ্যক জনশক্তি রপ্তানির পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে দক্ষ ও আধা-দক্ষ কর্মী তৈরির ওপর জোর দিয়ে অভিবাসনের পরিমাণ ও গুণগত মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই লক্ষ্যে দেশজুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সম্প্রসারণ, কারিগরি শিক্ষায় বহুভাষা দক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে উত্তরবঙ্গকে অ্যাগ্রো-প্রসেসিং শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেপ্যাল-সহ অন্যান্য পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
