পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিবারের খরচ ও ঈদের প্রস্তুতির জন্য বেশি পরিমাণ অর্থ পাঠানোয় মে মাসজুড়ে রেমিট্যান্সে ইতিবাচক ধারা দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২৩ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ৫৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিসাব অনুযায়ী, চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৫৮৮ কোটি টাকার বেশি প্রবাসী আয়।
চলতি অর্থবছরে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে।
তারা আশা করছেন, ঈদুল আজহা উপলক্ষে চলতি মাস শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ডও তৈরি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল—
- জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার
- আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ডলার
- সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার
- অক্টোবর: ২৫৬ কোটি ২৪ লাখ ডলার
- নভেম্বর: ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার
- ডিসেম্বর: ৩২২ কোটি ৩৬ লাখ ডলার
- জানুয়ারি: ৩১৭ কোটি ১৬ লাখ ডলার
- ফেব্রুয়ারি: ৩০২ কোটি ডলার
- মার্চ: ৩৭৫ কোটি ২২ লাখ ডলার
- এপ্রিল: ৩১২ কোটি ৭৩ লাখ ডলার
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
