সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম প্রচলিত ভিসা ছাড়া ৩৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। এর মধ্যে ভিসামুক্ত প্রবেশের পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল ও ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
হেনলির সূচকে ভিসা অন অ্যারাইভাল ও ইটিএ সুবিধাকে আগাম ভিসাবিহীন প্রবেশ হিসেবে গণনা করা হয়। তবে যেসব দেশে ভ্রমণের আগে ই-ভিসা অনুমোদন নিতে হয়, সেগুলোকে ভিসামুক্ত গন্তব্য হিসেবে ধরা হয় না।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম প্রচলিত ভিসা ছাড়া প্রবেশযোগ্য ৩৫টি গন্তব্য হলো—
বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামা, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।
তবে সব গন্তব্যে প্রবেশের নিয়ম এক নয়। কোনো দেশে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে, কোনো দেশে পৌঁছানোর পর ভিসা নিতে হয়। আবার কিছু গন্তব্যে যাত্রার আগে অনলাইনে ইটিএ অনুমোদন নিতে হতে পারে।
ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস, ইমিগ্রেশন বিভাগ বা বিমান সংস্থার কাছ থেকে সর্বশেষ প্রবেশের নিয়ম যাচাই করার পরামর্শ দেওয়া হয়। কারণ ভিসানীতি ও প্রবেশের শর্ত যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
