যুক্তরাষ্ট্রের California অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরের ক্লেইরমন্ট এলাকায় একটি ইসলামিক সেন্টার ও মসজিদে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন দুই কিশোর বন্দুকধারী নিজেদের গুলি করে আত্মহত্যা করে। স্থানীয় সময় সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের বয়স ১৮ বছর। তারা সামরিক ছদ্মবেশী পোশাক পরে হামলায় অংশ নেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনাস্থল Islamic Center of San Diego সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোর একটি। একই ক্যাম্পাসে ‘আল রশিদ স্কুল’ নামে শিশুদের একটি ইসলামী বিদ্যালয়ও রয়েছে। হামলার সময় মসজিদের ভেতরে শিশুদের ক্লাস চলছিল।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার সময় শিশুরা একে অপরের হাত ধরে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি স্কুল তাৎক্ষণিকভাবে লকডাউন করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে মসজিদের এক নিরাপত্তারক্ষী রয়েছেন। হামলা প্রতিরোধে তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছিলেন। Scott Wahl সংবাদ সম্মেলনে বলেন, তার বীরত্বপূর্ণ পদক্ষেপের কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বাড়ি থেকে পালিয়ে যাওয়া এক আত্মঘাতী কিশোরের সন্ধানে তদন্ত চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ আগে সন্দেহভাজন এক কিশোরের মা পুলিশকে ফোন করে জানান, তার ছেলে কয়েকটি বন্দুক ও একটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার সঙ্গে আরেকজন ছিল।
পরে মসজিদের কাছাকাছি একটি গাড়ির ভেতর থেকে দুই সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা Federal Bureau of Investigation (এফবিআই) ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে এটিকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছে, সন্দেহভাজনদের একজন বাড়িতে একটি চিরকুট রেখে যায়, যেখানে উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্য পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে Gavin Newsom গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বা ভীতি প্রদর্শন ক্যালিফোর্নিয়া সহ্য করবে না।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ঘটনাটিকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
