বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপে গোল করে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।
২০০৬ সালে FIFA World Cup-এ অভিষেক হওয়ার পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করে আসছেন রোনালদো। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং সর্বশেষ ২০২৬—ছয়টি আসরেই গোল করার বিরল কীর্তি এখন শুধুমাত্র তার দখলে।
ফুটবল ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করতে পারেননি। রোনালদোর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন লিওনেল মেসি, যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।
রোনালদোর বিশ্বকাপ যাত্রা শুরু হয় ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেই আসরে ইরানের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন তিনি। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন।
বিশ্বকাপের মঞ্চে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছিলেন তিনি। ২০২২ সালের বিশ্বকাপে-এ করেন একটি গোল।
২০২৬ বিশ্বকাপে নতুন গোলের মাধ্যমে রোনালদোর বিশ্বকাপ গোলসংখ্যা পৌঁছেছে ৯-এ। ৪১ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের কার্যকারিতা প্রমাণ করে চলেছেন তিনি।
রোনালদোর এই রেকর্ড শুধু পর্তুগালের জন্য নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত হবে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতা ধরে রেখে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়।
