রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে সড়কে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধ শনাক্ত করে ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো হচ্ছে।
রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল এলাকায় বসানো উন্নত সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, স্টপ লাইন অতিক্রমসহ বিভিন্ন অপরাধে জড়িত চালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্টদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।
নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ডিএমপি সদর দপ্তর বা নির্ধারিত ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।
তবে নোটিশ পাওয়ার পরেও যদি কেউ হাজির না হন, তাহলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে ডিএমপি। এই কার্যক্রম স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
এদিকে ডিএমপি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, সিসি ক্যামেরা মামলার নামে কোনো ব্যক্তি বা চক্র যদি অর্থ দাবি করে, তাহলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
