ইউরোর নতুন ব্যাংক নোটে দেখা যাবে জার্মান সংগীতজ্ঞ লুডভিগ ভ্যান বিথোভেনকে, নাকি নদীর পাশে রঙিন মাছরাঙাকে—এ সিদ্ধান্তে ইউরোপের সাধারণ মানুষের মতামত জানতে চাইছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি।
২০০২ সালে ইউরো ব্যাংক নোট চালু হওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ নকশা পরিবর্তনের অংশ হিসেবে ইসিবি ১০টি সম্ভাব্য নকশার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। প্রস্তাবগুলো দুটি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে—‘ইউরোপীয় সংস্কৃতি’ এবং ‘নদী ও পাখি’। ইউরোপের বাসিন্দারা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন জরিপে নকশাগুলো সম্পর্কে মতামত দিতে পারবেন।
‘ইউরোপীয় সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাবিত নোটগুলোর সামনের অংশে ইউরোপের শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও শান্তি আন্দোলনে অবদান রাখা ছয়জন ঐতিহাসিক ব্যক্তিত্বকে রাখা হয়েছে।
তারা হলেন গ্রিক-আমেরিকান অপেরা শিল্পী মারিয়া কালাস, জার্মান সংগীতজ্ঞ লুডভিগ ভ্যান বিথোভেন, পোলিশ-ফরাসি বিজ্ঞানী মারিয়া স্ক্লোদোভস্কা-কুরি, স্প্যানিশ লেখক মিগেল দে সার্ভান্তেস, ইতালীয় শিল্পী ও উদ্ভাবক লিওনার্দো দা ভিঞ্চি এবং অস্ট্রীয় শান্তিকর্মী ও লেখক বের্তা ফন সুটনার।
ইসিবির ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তিত্ব ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাদের অর্জন ইউরোপের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে।
এই সিরিজের নোটগুলোর বিপরীত পাশে গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং জনসমাগমস্থলের মতো ইউরোপের অভিন্ন সাংস্কৃতিক পরিসর তুলে ধরা হয়েছে।
বিকল্প নকশায় নদী ও পাখি
প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমীদের জন্য দ্বিতীয় বিষয় হিসেবে রাখা হয়েছে ‘নদী ও পাখি’। এই নকশাগুলোর মাধ্যমে ইউরোপের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, সহনশীলতা এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরতে চায় ইসিবি।
প্রস্তাবিত দৃশ্যগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি ঝরনার সঙ্গে ওয়ালক্রিপার পাখি, জলপ্রপাতের পাশে মাছরাঙা, সংকীর্ণ নদী উপত্যকার সঙ্গে বি-ইটার বা সুইচোরা পাখি, আঁকাবাঁকা নদীর পাশে সাদা সারস, নদীর মোহনায় অ্যাভোসেট এবং সমুদ্রের পটভূমিতে নর্দার্ন গ্যানেট।
এই সিরিজের নোটগুলোর পেছনের অংশে ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মতো ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন বা প্রতীকী দৃশ্য রাখা হয়েছে।
জনগণের মতামতই চূড়ান্ত সিদ্ধান্ত নয়
ইউরোপের সাধারণ মানুষ জরিপে পছন্দের নকশা জানাতে পারলেও তাদের ভোট সরাসরি চূড়ান্ত ফল নির্ধারণ করবে না। ইসিবির গভর্নিং কাউন্সিল জনমত জরিপ, নকশা প্রতিযোগিতার বিচারকদের সুপারিশ এবং কারিগরি মূল্যায়ন বিবেচনা করে ২০২৬ সালের শেষ নাগাদ চূড়ান্ত নকশা নির্বাচন করবে।
ইসিবি জানিয়েছে, ১০টি নকশা চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। নতুন নোটের নকশা নির্বাচিত হওয়ার পর নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নয়ন, উৎপাদন এবং পরীক্ষার জন্য আরও কয়েক বছর সময় লাগবে।
বর্তমানে প্রচলিত ইউরো নোট নতুন নোট চালুর পরও বৈধ থাকবে এবং নতুন সিরিজের পাশাপাশি ব্যবহার করা যাবে।
ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ বলেছেন, সংক্ষিপ্ত তালিকায় থাকা নকশাগুলো সৌন্দর্য ও তাৎপর্যের সমন্বয় ঘটিয়েছে এবং এগুলো ইউরোপের অভিন্ন পরিচয়কে আরও শক্তিশালী করবে।
তার মতে, ইউরো ব্যাংক নোট শুধু অর্থ পরিশোধের একটি মাধ্যম নয়; এটি ইউরোপের সবচেয়ে দৃশ্যমান ও বাস্তব অভিন্ন প্রতীকগুলোর একটি।
ইসিবি নতুন নোটগুলোকে আরও নিরাপদ, টেকসই, ব্যবহারবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং ইউরোপের মানুষের কাছে অধিক অর্থবহ করে তোলার লক্ষ্য নিয়ে পুনর্নকশার কাজ করছে। চূড়ান্ত সিদ্ধান্তের পর নতুন নোট মানুষের হাতে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে।
