শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “আপনার সন্তানকে, আপনার দেশকে গড়তেই হবে। আগামী দিনে আমরা অবকাঠামো নয়, শিক্ষকদের প্রশিক্ষণের দিকে বেশি গুরুত্ব দেব।”
বুধবার (১৫ এপ্রিল) Sylhet Division-এ এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। সে লক্ষ্যে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা হবে, যাতে তারা শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে গড়ে তুলতে পারেন।
তিনি আরও অভিযোগ করেন, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের কল্যাণ তহবিলে বড় অঙ্কের অর্থ নয়ছয় হয়েছে। ফলে বর্তমানে কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ নেই।
মন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য অর্থ পাচ্ছেন না। অসুস্থ অবস্থায় আবেদন করেও বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই চিকিৎসা করাতে না পেরে দুর্ভোগে পড়ছেন, এমনকি কেউ কেউ চিকিৎসার অভাবে মৃত্যুবরণও করেছেন।
তিনি বলেন, “শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থসংকট দূর করতে আগামী বাজেটে থোক বরাদ্দের চেষ্টা করা হবে। তবে এ বিষয়ে কিছুটা সময় প্রয়োজন।”
শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
