ফোবানা কনভেনশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রবাসী কল্যাণমন্ত্রী

ariful haque

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন।

৪ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন মন্ত্রী

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, আয়োজক কমিটি এবং নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন।

লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে ব্যবসায়িক মধ্যাহ্নভোজ

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ ব্যবসায়িক মধ্যাহ্নভোজে অংশ নেবেন মন্ত্রী।

ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ আয়োজনে পুরস্কার প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান পর্ব অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী এবং উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

প্রবাসীদের কল্যাণ ও শ্রমবাজার নিয়ে আলোচনা

সফরকালে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য এবং শ্রমবাজারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন মন্ত্রী।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সম্মেলন ও সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দেশে ফেরার কথা রয়েছে।