ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ছে, ক্ষোভে শিক্ষার্থী-শিক্ষকরা

Franceuniversity

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আসা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। বুধবার (২০ মে) প্রকাশিত এক সরকারি ডিক্রিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা অধিকাংশ বিদেশি শিক্ষার্থীকে লাইসেন্স বা ব্যাচেলর পর্যায়ে বছরে প্রায় ৩ হাজার ইউরো টিউশন ফি দিতে হবে। বর্তমানে এই ফি মাত্র ১৭৮ ইউরো।

ফরাসি উচ্চশিক্ষামন্ত্রী Philippe Baptiste-এর ‘Choose France for Higher Education’ পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

সরকার জানিয়েছে, ২০১৯ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য পৃথক ফি কাঠামো চালু হলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয় এতদিন তা পুরোপুরি কার্যকর করেনি। এবার সেই নীতির বাস্তবায়ন আরও কঠোর করা হচ্ছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের বড় অংশকে বাড়তি ফি থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ পেলেও ধীরে ধীরে সেই সুযোগ কমিয়ে আনা হবে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৮ সালের সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ ২০ শতাংশ শিক্ষার্থীকে অতিরিক্ত ফি থেকে অব্যাহতি দিতে পারবে।

তবে যেসব বিদেশি শিক্ষার্থী ইতোমধ্যে ফ্রান্সে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তারা আগের সুবিধাগুলো বজায় রাখতে পারবেন বলে জানিয়েছে সরকার।

ফরাসি সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে “উচ্চ সম্ভাবনাময়” আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব হবে, যা অনেকটা অ্যাংলো-স্যাক্সন দেশগুলোর শিক্ষাব্যবস্থার মডেলের মতো।

এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

তবে শিক্ষার্থী ও শিক্ষক সংগঠনগুলো এই সিদ্ধান্তকে “অন্যায্য ও অসঙ্গতিপূর্ণ” বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, এতে আর্থিকভাবে দুর্বল বিদেশি শিক্ষার্থীরা ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

গত ১২ মে ফ্রান্সের বিভিন্ন শহরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দফার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আগামী ২৬ মে আবারও দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ও শিক্ষার্থী সংগঠনের জোট।