ইউরোপীয় অভিবাসন চুক্তি বাস্তবায়নে ফ্রান্সের পরিকল্পনা

france-migration-pact

চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর হতে যাওয়া ইউরোপীয় অভিবাসন ও আশ্রয় চুক্তি ফ্রান্সে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে প্রথমবারের মতো দিকনির্দেশনা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরো নুনেজ।

বুধবার (২৯ এপ্রিল) ফরাসি সিনেটে আইন ও ইউরোপীয় বিষয়ক কমিটির সামনে এক জবাবদিহিতা বৈঠকে তিনি এ বিষয়ে সরকারের প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তিটি বাস্তবায়নের জন্য সরকার দ্রুত আইনগত পরিবর্তন আনতে চায় এবং এজন্য বিশেষ অধ্যাদেশের মাধ্যমে আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা ছাড়াই আইন কার্যকর করা সম্ভব হবে। ফরাসি সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এমন সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রস্তুতি সম্পন্ন করা কঠিন হলেও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী, মোট ৯টি বিধিমালা ও একটি নির্দেশনা ১২ জুন থেকে কার্যকর হবে।

মন্ত্রী আরও জানান, ফ্রান্সের বিদ্যমান বিদেশি প্রবেশ, অবস্থান ও আশ্রয়সংক্রান্ত আইনের বড় একটি অংশ ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে দ্রুত আইন সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে।

এই বিশেষ পদ্ধতিতে আইন প্রণয়নের জন্য সরকারকে একটি আইনি প্রস্তাব পার্লামেন্টে পাস করাতে হবে। আগামী ২০, ২১ ও ২২ মে এই প্রস্তাব পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে জুলাই মাসে সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ের পর বিলম্ব হলে তা অভিবাসীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাদের অধিকার প্রয়োগ আরও কঠিন হয়ে উঠতে পারে। এ বিষয়ে মার্চ মাসের শেষে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালতও সতর্কতা জারি করেছিল।

এদিকে সংসদীয় কমিটির সভাপতি মুরিয়েল জর্দা সরকারের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বিস্তারিত খসড়া ছাড়াই এমন ক্ষমতা দেওয়া সংসদের জন্য কঠিন সিদ্ধান্ত।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সীমান্তে আশ্রয় প্রক্রিয়া ও যাচাই ব্যবস্থা। মন্ত্রী জানিয়েছেন, এর বড় অংশ ফ্রান্সের বিমানবন্দরগুলোতেই সম্পন্ন হবে। আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষা ও তথ্য যাচাই করে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করা হবে।

তবে ইউরোপের সব দেশ এই চুক্তি মেনে নিচ্ছে না। কিছু দেশ বাধ্যতামূলক স্থানান্তর ব্যবস্থার বিরোধিতা করছে, যা বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।