আবারও কমল সোনার দাম – বাজুস

ajker sonar dam

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। Bangladesh Jewellers Association সবশেষ মূল্য সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে মূল্যবান এই ধাতুর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২১ মে) থেকে সারা দেশে সংশোধিত দামে সোনা বিক্রি শুরু হয়েছে।

বুধবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এর আগে গত ১৬ মে সোনার দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দাম কমায় বাজারে নতুন আলোচনা তৈরি হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে সোনার দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের পরিবর্তনের কারণে দেশের বাজারে ঘন ঘন সোনার দাম সমন্বয় করা হচ্ছে।