দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৪ দফা কমানো হয়েছে।
এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ওপর নির্ভর করেই দেশের বাজারে স্বর্ণের দামে এমন ওঠানামা দেখা যাচ্ছে।
