দেশে সোনার দাম ভরিতে কমল ৬৫৯১ টাকা, রুপার দামও কমেছে

Gold Price In Bangladesh

বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমার প্রভাবে দেশের বাজারেও দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯১ টাকা।

আজ বুধবার সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্ত জানায়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকা।

এর আগে সর্বশেষ ৬ জুন দেশে সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে ২ জুন প্রতি ভরিতে সোনার দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা।

এ হিসাবে ঈদের পর দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম মোট ১৫ হাজার ৩৩৯ টাকা কমেছে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। রুপার দাম কমেছে ৩৫০ টাকার বেশি।

আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪১৬ ডলার কমেছে। এর মধ্যে আজই কমেছে ৬৮ ডলার।

বিশ্ববাজারে এখন সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৯৪ ডলার। চলতি বছরের শুরুতে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে উঠলেও সাম্প্রতিক সময়ে দাম কমতে শুরু করেছে।

বাজুসের নতুন দর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।