ভারতকে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে তিন সংস্করণেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। তাঁর সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটকে বিদায় বলছেন না ৩৭ বছর বয়সী এই ব্যাটার। ভারতের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব শেষ হচ্ছে, যাত্রা চলবে।’
দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলে জানিয়েছেন হারমানপ্রীত। তাঁর ভাষ্য, নেতৃত্বের সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ ও ত্যাগ। দলকে আগে রাখতে গিয়ে কখনো নিজের পারফরম্যান্স ও ব্যক্তিগত লক্ষ্যকেও পেছনে সরিয়ে রাখতে হয়েছে। কিছু কঠিন সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত মূল্য দিতে হলেও দলের উন্নতিই ছিল তাঁর উদ্দেশ্য।
বিদায়ের মুহূর্তে দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হারমানপ্রীত। তাঁর বিশ্বাস, ভারতীয় দল এখন ভালো অবস্থানে রয়েছে। প্রতিভা, দৃঢ়তা ও আত্মবিশ্বাসে ভরপুর এই দলের পরবর্তী পথচলার অংশ হতে চান তিনি। অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন—এমন তৃপ্তির কথাও জানিয়েছেন।
আইসিসির তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নেন হারমানপ্রীত। মিতালি রাজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর ২০২২ সালে ওয়ানডে ও টেস্ট দলের পূর্ণকালীন অধিনায়ক হন তিনি।
তাঁর নেতৃত্বে ২০২৫ সালে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। সম্প্রতি এশিয়ান গেমসেও টানা দ্বিতীয় স্বর্ণপদক জিতেছে দলটি। সেই সাফল্যের পরই নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা এল।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গুয়াহাটিতে বিসিসিআইয়ের একটি পর্যালোচনা বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে ওই বৈঠকে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে সতীর্থ, কোচ, সহায়ক কর্মী, টিম ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন হারমানপ্রীত। নেতৃত্বের দায়িত্ব শেষ হলেও ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা অটুট থাকবে বলে উল্লেখ করেছেন তিনি।
