দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল–অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। রোববার (৪ অক্টোবর) রাতে ফেসবুকে পৃথক পোস্টে এ কথা জানান তাঁরা। পারস্পরিক আলোচনা ও পরিবারের সমর্থন নিয়ে বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন দুজন।
প্রায় এক দশকের পথচলার কথা উল্লেখ করে প্রীতম জানিয়েছেন, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তাঁরা কৃতজ্ঞ। সম্পর্কের ধরন বদলালেও পরস্পরের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে। তবে সময়ের সঙ্গে বোঝাপড়ায় কিছু বড় পার্থক্য উপলব্ধি করায় আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন প্রীতম। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। জীবনের পরবর্তী অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান দুজন।
শেহতাজও তাঁর পোস্টে সৌহার্দ্যপূর্ণভাবে দাম্পত্য সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন। একসঙ্গে কাটানো স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, পরিবারের সমর্থন নিয়েই তাঁরা বিচ্ছেদের পথে এগোচ্ছেন। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ।
এ সময়ে ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন দুজন। বিষয়টি সহমর্মিতার সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তাঁরা।
প্রীতম ও শেহতাজ ২০২২ সালের অক্টোবরে বিয়ে করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি হোটেলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ফলে তাঁদের উল্লেখ করা প্রায় এক দশকের পথচলা সম্পর্কের সামগ্রিক সময়; দাম্পত্যজীবনের মেয়াদ প্রায় চার বছর।
