আগারগাঁও থেকে কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমকে তুলে নেওয়ার অভিযোগ

hasan nasim content creator

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এ এম হাসান নাসিম নামে এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) মাগরিবের নামাজের পর তার বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডিবি রমনা জোনের একটি দল হঠাৎ বাসায় প্রবেশ করে কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়াই তাকে আটক করে। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসান নাসিমের ভাই হাসান নোমান জানান, এডিসি জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের বাসায় তল্লাশি চালান এবং তাকে সঙ্গে নিয়ে যান। ঘটনাস্থলে তার তিন বছর বয়সী কন্যাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছেন, হাসান নাসিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বক্তব্য ও রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

জানা গেছে, হাসান নাসিম বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা এবং ‘পাথরঘাটা ডট কম’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা ও অসংগতি নিয়ে লেখালেখি করতেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে ভিন্নমত দমনের চেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ হিসেবে দেখছেন।

রাত পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, তার বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং পরিবার তার দ্রুত মুক্তি ও আইনি সহায়তার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।