ইতালির বিভিন্ন বিমানবন্দরে একাধিক ধর্মঘটের কারণে শনিবার (১৩ জুন) দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে ইজিজেট (easyJet)-এর পাইলট ও কেবিন ক্রুদের কর্মবিরতির কারণে যাত্রীদের ফ্লাইট বাতিল ও বিলম্বের ঝুঁকিতে পড়তে হতে পারে।
ইতালিভিত্তিক ইজিজেটের পাইলট ও কেবিন ক্রুরা শনিবার সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৮ ঘণ্টার ধর্মঘট পালন করবেন। পাঁচটি শ্রমিক সংগঠন—ফিল্ট সিজিআইএল, ফিট সিআইএসএল, ইউআইএলট্রাসপোর্তি, ইউজিএল টিএ এবং আনপ্যাক—এই কর্মসূচির ডাক দিয়েছে। কেবিন ক্রুদের পক্ষে এতে অংশ নিচ্ছে ইউএসবি লাভোরো প্রিভাতো।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, নতুন সমষ্টিগত শ্রমচুক্তি নবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে। এর আগে ৩১ জানুয়ারি, ২৬ ফেব্রুয়ারি এবং ১১ মে-তেও ইজিজেট কর্মীরা ধর্মঘট করেছিলেন।
ভেরোনা, মিলান ও কাগলিয়ারিতেও আলাদা ধর্মঘট
ইতালির ভেরোনা বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এতে আগমন ও প্রস্থানের ফ্লাইটগুলোতে বিলম্ব হতে পারে।
অন্যদিকে, মিলানের লিনাতে বিমানবন্দরে স্কাই সার্ভিসেসের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার ঘণ্টার ধর্মঘটে যাবেন।
এছাড়া কাগলিয়ারি বিমানবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান সোগায়েরের কর্মীরাও সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।
নির্দিষ্ট সময়ে ফ্লাইট চালু থাকবে
ইতালির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ইএনএসি) জানিয়েছে, ধর্মঘট চললেও দুটি নির্দিষ্ট সময়সীমায় ফ্লাইট স্বাভাবিক থাকবে। সময় দুটি হলো—
- সকাল ৭টা থেকে ১০টা
- সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
এ ছাড়া মালপেনসা-লামপেদুসা, নেপলস-পালের্মো এবং নেপলস-ওলবিয়া রুটের একমাত্র দৈনিক ফ্লাইটগুলো ধর্মঘটের মধ্যেও পরিচালিত হবে।
ধর্মঘটের কারণে কোনো ফ্লাইট বাতিল হলে যাত্রীরা সম্পূর্ণ টিকিট মূল্য ফেরত অথবা পরবর্তী উপলব্ধ ফ্লাইটে পুনরায় ভ্রমণের সুযোগ পাবেন।
যাত্রীদের ফ্লাইটের আগের সন্ধ্যা ও যাত্রার দিন সকালে সংশ্লিষ্ট এয়ারলাইনের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এয়ারলাইনের পাঠানো সব ধরনের বার্তা ও নোটিফিকেশন সংরক্ষণ করে রাখারও আহ্বান জানানো হয়েছে।
