লিসবনে উবার-বোল্ট চালকদের বিক্ষোভ

Uber Bolt drivers protest Lisbon

ইউরোপের দেশ Portugal-এর রাজধানী Lisbon-এ রাইড-হেইলিং সেবার চালক ও অপারেটরদের এক বৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় শতাধিক চালক অংশ নেন, যারা Uber ও Bolt-এর নীতিমালা এবং সরকারের দৃষ্টি আকর্ষণের দাবি জানান।

বিক্ষোভকারীরা কালো টি-শার্ট পরে এবং হাতে কালো বেলুন নিয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পদযাত্রা শুরু করেন। তারা অ্যাভেনিদা দা লিবার্দাদে অবস্থিত বোল্টের সদর দপ্তর এবং অ্যাভেনিদা বারবোসা দু বোকাজে অবস্থিত উবার অফিসের দিকে অগ্রসর হন। পরে তারা পার্লামেন্ট ভবনের দিকে রওনা দেন।

একজন চালক মেগাফোন হাতে সহকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা এখানে নীরব থাকতে আসিনি, আমাদের আওয়াজ তুলতে হবে।” এরপরই শিস, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতীকী প্রতিবাদ হিসেবে চালকদের নিজেদের মোবাইল অ্যাপ চালু রাখতে বলা হয়, তবে কোনো রাইড গ্রহণ না করার আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে—জরুরি ভিত্তিতে ভাড়া বৃদ্ধি, ট্যাক্সি খাতকে TVDE ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করা, জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য সহায়তা প্রদান ।

প্রতিবাদে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে APTAD এবং ANM-TVDE উল্লেখযোগ্য। বিক্ষোভ চলাকালে উবারের সদর দপ্তরের সামনে উত্তেজনা সৃষ্টি হয়, যখন আন্দোলনকারীরা অভিযোগ করেন যে কোম্পানি তাদের কাছ থেকে ৪০% থেকে ৬৫% পর্যন্ত কমিশন কেটে নিচ্ছে। তারা “রাইড-হেইলিং সেবার প্রতি সম্মান দেখাও” স্লোগান দেন।

প্রতিবাদকারীদের প্রতিনিধিরা দাবি করেন, গত পাঁচ বছরে পণ্যের দাম ২০% বেড়েছে, কিন্তু বোল্ট ভাড়া মাত্র ১০% এবং উবার ভাড়া ৫% বাড়িয়েছে। ফলে বর্তমানে চালকদের আয় আগের তুলনায় ৪০% কমে গেছে, যা এই পেশাকে অটেকসই করে তুলছে।

তাদের মতে, একজন চালককে প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করেও ন্যূনতম মজুরির কম আয় করতে হচ্ছে।

এদিকে, Uber জানিয়েছে, বিক্ষোভ চললেও তাদের সেবা স্বাভাবিক রয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা চালকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করে এবং চালকদের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছে।

উবার আরও জানায়, তারা সম্প্রতি একটি শ্রমিক সংগঠনের সঙ্গে চুক্তি করেছে, যেখানে চালকদের জন্য আয় নিশ্চয়তা, বীমা সুবিধা এবং প্রতিনিধিত্বের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া কোম্পানির মতে, শুধুমাত্র ভাড়া বৃদ্ধি করলেই চালকদের আয় বাড়বে না। বরং অপারেশনাল খরচ কমানো, বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের মাধ্যমে জ্বালানি খরচ ৬০% পর্যন্ত কমানো সম্ভব।

সরকারি তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশে প্রায় ৩৯,৬১৫ জন সক্রিয় চালক এবং ১৪,৬৪৯টি অপারেটর এই খাতে কাজ করছে।