দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি বাড়াতে হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে।
যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের টহল ও নজরদারি অব্যাহত থাকবে। বিমান চলাচল বন্ধ থাকলেও নিরাপত্তা পর্যবেক্ষণ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগও নিচ্ছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের বিদ্যমান ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রমে বিমানবন্দর এলাকা যুক্ত করার পরিকল্পনার পাশাপাশি এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
